
কেরানীগঞ্জ প্রতিনিধি //
প্রতীকী ছবি। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্বামীর সঙ্গে বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে ১৬ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ ওঠার পর তাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল।
ইসমাইল হোসেন শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলায় রাজু ও শাওন নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ফয়সাল নামে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বর্তমানে তারা আলাদা থাকছেন।
এজাহারে কিশোরী অভিযোগ করেন, প্রায় এক মাস আগে ইসমাইলের সঙ্গে তার পরিচয় হয়। ইসমাইল তার স্বামীর সঙ্গে বিরোধ মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফোন করে তাকে একটি ক্লাবের সামনে যেতে বলেন তিনি।
সেখানে যাওয়ার পর রাজু তাকে একটি ভাড়া বাসার দ্বিতীয়তলায় নিয়ে যান বলে অভিযোগ করেন কিশোরী। সেখানে কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। একপর্যায়ে স্বামীকে তালাক দিতে টাকা লাগবে বলে জানানো হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাত ১১টার দিকে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
ঘটনার কথা কাউকে জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।
সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন কিশোরী। পরে মামলার প্রধান অভিযুক্ত ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ইসমাইল হোসেনকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শুভাঢ্যা ইউনিয়ন ২ নম্বর ইউনিট (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড)।
সোমবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে প্রাথমিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.