
খেলা ডেস্ক //
ফাইল ছবি। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় পর্দা উঠবে প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের। প্রতিযোগিতায় বাংলাদেশের যাত্রা শুরু হবে পরদিন, ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। বুধবার বাংলাদেশের গ্রুপপর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচ। এরপর ২৮ সেপ্টেম্বর একই ভেন্যু ও একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল।
গ্রুপপর্বে বাংলাদেশ খেলবে মোট তিনটি ম্যাচ। ১ অক্টোবর একই স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
প্রথমবারের মতো আয়োজিত এই ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।
এ ছাড়া চ্যালেঞ্জ ডিভিশনে অংশ নেবে আরও ছয়টি দল। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের পাশাপাশি চীন, ভারত ও হংকংকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ভারত ও চীন নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের পরিবর্তে প্রতিযোগিতায় জায়গা পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। প্রধান কোচ থমাস ডুলির অধীনে বসুন্ধরা কিংস অ্যারেনায় চলছে জাতীয় দলের ক্যাম্প।
সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.