
আন্তর্জাতিক ডেস্ক //
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন যে, তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুতিনের পাঠানো অভিনন্দন বার্তার জবাবে কিম এ কথা বলেন। খবর আল আরাবিয়ার।
চিঠিতে কিম উল্লেখ করেন যে, দুদেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে পিয়ংইয়ংয়ের দৃঢ় ইচ্ছা রয়েছে। এ ছাড়া দেশের নিরাপত্তা রক্ষা ও আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে রাশিয়া অবশ্যই জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
তার এই বক্তব্য মূলত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকেই সমর্থন করে। পুতিন ও রুশ জনগণের প্রতি নিজের পূর্ণ সমর্থনের কথাও জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাশিয়া ও উত্তর কোরিয়া একে অপরের বেশ কাছাকাছি চলে এসেছে। এর অংশ হিসেবে ২০২৪ সালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ায় সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া।
এর আগে গত ০৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে পুতিনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তার জবাবে চীনের প্রেসিডেন্টকেও ঐতিহাসিক বন্ধুত্ব বজায় রেখে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছিলেন কিম জং উন।
সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.