
ঢাকা //
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে অন্তত ৪০ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেল পৌনে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।
আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের লোকজন জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিলেন। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
আজ দুপুরের পর জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন—এমন খবর পেয়ে যুবদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেন। এ সময় বাইরে যুবদলের শত শত নেতাকর্মী অবস্থান করেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সাংবাদিকদের বলেন, ‘এখানে আওয়ামী লীগের স্লোগান দেওয়া হচ্ছে। তাহলে এটাকে কীভাবে জাসদের কার্যালয় বলতে পারি! এটা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়। যেখানেই আওয়ামী লীগের স্লোগান দেখব, সেখানেই যুবদল যাবে। ৪০০ থেকে ৫০০ লোক এ কার্যালয়ে আটকা অবস্থায় রয়েছে। কার্যালয়ের সামনে যুবদলের হাজার হাজার লোক আছে, তাদের শান্ত রেখেছি। কার্যালয়ে আটকে থাকা লোকজনকে প্রশাসনকে নিয়ে যেতে বলেছি।’
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, পুলিশের অনুমতি নিয়েই সভার আয়োজন করেছিলেন তারা।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ‘বিকেল ৩টার দিকে তিনতলায় গিয়ে জাসদ কার্যালয়ে দেখা যায়, সেখানে বৈঠক চলছে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন আজ বিকেল পৌনে ৫টায় গণমাধ্যমকে বলেন, ‘‘ওই কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ ৪০ জনকে পল্টন থানায় নিয়ে গেছে। এখনো অভিযান চলছে।’’
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.