
ঢাকা //
দেশে একদিনে ডেঙ্গু ও হামের সংক্রমণে ১৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে নয় শিশুর মৃত্যু হয়েছে, আর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ছয়জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৫ জন। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের শরীরে। এ সময়ে ঢাকা বিভাগে চারজন, সিলেট বিভাগে দুই, চট্টগ্রামে দুই ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ৯৯৫ জনে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০১ জনের। হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৬ জনের। হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৫ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮১, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত সময়ে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ২২৮ রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। এর মধ্যে ১ হাজার ১৫৫ জন ভর্তি হয়েছে।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩০৯ জন, চট্টগ্রামে ৩১৩, সিলেটে ১৫৩, বরিশালে ১২৭, খুলনায় ৯৩, ময়মনসিংহ ৯৬, রাজশাহীতে ২৮ ও রংপুরে ৩৬ জন।
গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২।
এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
এদিকে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন২ হাজার ১৫৮ জন, যা চলতি বছরে একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে ছয়জনের।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের শুরু থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে ১২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৩১১ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫৬ জন। এ সময়ে বরিশালে ২২৭, চট্টগ্রামে ৩৪৫, খুলনায় ৩২৯, ময়মনসিংহে ১৩২, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৭৩ ও সিলেটে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৫৫ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৩ হাজার ৬৯৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৮ হাজার ৬ জন। একই সময়ে ২২৫ জনের মৃত্যু হয়েছে। ফলে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৪৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ওই বছরই রোগটিতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। গত বছর ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয় এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.