
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকের চালান হস্তান্তরের সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অস্ত্র ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, একই ক্যাম্পের ইউনুসের ছেলে মো. আনসার আলী এবং টেকনাফের মোচনি ক্যাম্পের ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, গোপন সংবাদের খবরে বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি সশস্ত্র দলের কাছে অস্ত্রের চালান হস্তান্তর করা হবে। এ তথ্যের ভিত্তিতে লেদা বাজার এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি অভিযানিক দল। পরে সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহজনক একটি ইজিবাইক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হয়। সেখানে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ এবং তিনটি মোবাইল ফোন। এ ছাড়া অস্ত্র ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকের চালান হস্তান্তরের সময় তিনজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.