
ঢাকা //
ফ্যাসিস্টদের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। এজন্য দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সমাবেশে এ কথা বলেন তিনি।
মৎসজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব আবদুর রহিম।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি প্রমুখ ।
ইতিহাসের উদাহরণ টেনে আমান উল্লাহ আমান বলেন, দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, তখন ফ্যাসিস্টদের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা পালিয়ে গিয়ে এখন ফিরে আসার হুমকি দিচ্ছে। তবে ইতিহাস বলে, কোনো পলায়নকারী ফ্যাসিস্ট কোনো দিন ফিরে আসতে পারেনি; এরাও আর কখনও ফিরে আসতে পারবে না।
দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পালিয়ে থাকা নেতৃত্ব তাদের কর্মীদের চাঙা রাখতে নানা কথা বলছেন, কিন্তু খালি কথায় আর ফেরা যাবে না। এ ছাড়া আরেকটি মহল বিএনপির বিরুদ্ধে অপবাদ দেয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ তোলেন।
আমান বলেন, ‘আমরা যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিলাম, একইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। গণতন্ত্রের ওপর আঘাত মোকাবিলায় বিএনপি রাজপথেই থাকবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট ও খুনিদের জায়গা বাংলাদেশে হবে না। এদের যেখানেই দেখা যাবে, ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।’
সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.