
আন্তর্জাতিক ডেস্ক //
টেক্সাসে সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে প্রচারণায় গিয়ে গতকাল বিক্ষোভের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সবচেয়ে জনবহুল রিপাবলিকান-সমর্থিত অঙ্গরাজ্য হিসেবেই পরিচিত টেক্সাস, সেখানে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় ঠেকাতে প্রচারণায় যোগ দেন ট্রাম্প। খবর এপি।
ভোটারদের উপস্থিতিতে পরিপূর্ণ ফ্রিম্যান কলিসিয়ামে বক্তব্য দেন ট্রাম্প। এসময় অবসরপ্রাপ্ত বেসবল তারকা রজার ক্লেমেন্সকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেয়ার প্রতিশ্রুতি দেন। মাদক ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড দেয়ার পক্ষে অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের শহরগুলোয় বোমা হামলা চালাতে পারে ইরান—সম্প্রতি এমন মন্তব্য করার ব্যাখ্যাও দেন ট্রাম্প। জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে বলেন, যুদ্ধের জন্য বেশি জ্বালানি ব্যয় ‘ছোট মূল্য’।
তবে ট্রাম্পের বক্তব্যের পুরোটা জুড়ে সিনেট প্রার্থী প্যাক্সটন ছিলেন না।
এসময় বিক্ষোভকারীদের বারবার বাধার মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের মধ্যে একজনকে মঞ্চের কাছাকাছি অবস্থান করতে দেখা যায়। সব মিলিয়ে অন্তত এক ডজন বিক্ষোভকারী ট্রাম্পের বক্তব্যে বাধা দেন। কয়েকজনকে পুলিশ সেখান থেকে বের করে দেয়।
একবার বিক্ষোভের কারণে ট্রাম্প কিছুক্ষণের জন্য মাইক্রোফোন থেকে সরে যান।
টেক্সাস যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এবং নির্ভরযোগ্যভাবে রিপাবলিকান-সমর্থিত অঙ্গরাজ্য। ২০২৪ সালের নির্বাচনে সেখানে ট্রাম্প প্রায় ১৪ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন। কিন্তু নির্বাচনের আর এক মাসেরও কম সময় বাকি থাকতে ট্রাম্পের কমে যাওয়া জনপ্রিয়তা, ইরানের সঙ্গে যুদ্ধ এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ায় প্রায় সব অঙ্গরাজ্যেই রিপাবলিকানদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।
গতকালের সমাবেশটি এক মাসেরও কম সময়ের মধ্যে টেক্সাসে ট্রাম্পের তৃতীয় সফর। এ পর্যন্ত অঙ্গরাজ্যটির নির্বাচনে রিপাবলিকানরা ৩০ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছে।
রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের গতকাল রাতের সমাবেশে অনুপস্থিত ছিলেন। একে ট্রাম্পের জনসমর্থন কমে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তিন মেয়াদে দায়িত্ব পালন করা এ রিপাবলিকান গভর্নর ২০২২ সালের নির্বাচনে বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছিলেন। তিনিও এখন জাতীয় রাজনীতির উত্তাল পরিস্থিতির প্রভাবের মধ্যে পড়েছেন।
আগামী ৩ নভেম্বরের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট রাজ্য প্রতিনিধি জিনা হিনোজোসার সঙ্গে লড়াই অ্যাবেট।
ট্রাম্পের সঙ্গে সমাবেশে উপস্থিত না হয়ে অ্যাবট প্রায় ৩৩০ মাইল দূরের একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। গভর্নরের অনুপস্থিতি নিয়ে ডেমোক্র্যাটরা সরব হয়েছে।
টেক্সাস ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র জ্যাকব লং বলেন, ‘বছরের পর বছর ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে কখনো দ্বিধা করেননি গ্রেগ অ্যাবট। ট্রাম্পকে “ঘনিষ্ঠ বন্ধু” বলেছেন এবং প্রতিটি পদক্ষেপে তার এজেন্ডাকে সমর্থন করেছেন। কিন্তু এখন, ট্রাম্পের শুল্ক ও ইরানের সঙ্গে যুদ্ধের কারণে রেকর্ড উচ্চমূল্যে যখন টেক্সাসের পরিবারগুলো চাপে পড়েছে, তখন হঠাৎ গ্রেগ অ্যাবটের অন্য কোথাও যাওয়ার সময় হয়েছে।’
সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.