• ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা ধর্মীয় বিভাজনে বিশ্বাস করি না: সমাজকল্যাণমন্ত্রী

admin
প্রকাশিত ০৫ সেপ্টেম্বর, শনিবার, ২০২৬ ০২:৪৬:৫০
আমরা ধর্মীয় বিভাজনে বিশ্বাস করি না: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি //


ছবি-সংগৃহীত। কোনও অবস্থাতেই আমরা ধর্মীয় বিভাজন বা অন্য কোনও ধরনের বিভাজনে বিশ্বাস করি না এবং কাউকে তা করতেও দেবো না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘এই দেশ আপনাদের, আমাদের-সবার। এখানে ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, তা বর্তমান সরকার চায় না।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের বিরামপুর বারোয়ারী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা আপনাদের ধর্ম, পেশা ও কর্ম নির্বিঘ্নে এবং নির্ভয়ে নিজের দেশ হিসেবে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশকে আমরা সবাই মিলে আরও সুন্দর করে গড়ে তুলতে চাই। এখানে কোনও হিংসা-বিদ্বেষ, জোর-জুলুম কোনও অবস্থাতেই চলবে না। সবাই যার যার ধর্মীয় বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে ধর্মীয় কর্মসূচি ও উৎসব পালন করবেন। কেউ কোনও ধরনের বিঘ্ন সৃষ্টি করবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা শত বছর ধরে একসঙ্গে বসবাস করে আসছি, ভবিষ্যতেও একসঙ্গে থাকব। বাংলাদেশের কল্যাণে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো।’

জাহিদ হোসেন বলেন, ‘শুধু দিনাজপুর-৬ আসনেই নয়, সারা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করব। আমরা সবাই বাংলাদেশি; এটাই আমাদের পরিচয়। এই পরিচয়কে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।’

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘কাউকে কোনও ধরনের অন্যায়, জুলুম, অত্যাচার-নির্যাতন, দখল বা চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। এসব কোনও অবস্থাতেই বর্তমান সরকার গ্রহণ করবে না। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে।’

এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সমাজকল্যাণমন্ত্রী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন, মতামত দিন।