• ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে কিশোরীর কোমরে শেখল বেঁধে সড়কে ঘোরানো, আটক ৩

admin
প্রকাশিত ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ ০২:৪৬:৫৪
সিলেটে কিশোরীর কোমরে শেখল বেঁধে সড়কে ঘোরানো, আটক ৩

সিলেট প্রতিনিধি //


সিলেট মহানগরীর উপশহরে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে কোমরে শিকল বেঁধে সড়কে ঘোরানোর ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার (৯ সেপ্টেম্বর) মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকৃতরা হলেন- মহানগরীর শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের ৪৪ নম্বর রোডের ৫১ নম্বর বাসার মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার ৫৪ নম্বর বাসার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন উপশহর এলাকার একটি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে স্থানীয় কয়েকজন আটক করেন। পরে তার কোমরে শিকল বেঁধে সড়কে ঘোরানো হয়। একপর্যায়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। শিকল বেঁধে কিশোরীকে সড়কে ঘোরানোর ঘটনায় সচেতন মহলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নজরে আসার পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

সংবাদের সঙ্গে যুক্ত থাকুন, মতামত জানান।