
প্রবাস ডেস্ক //
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১২ হাজার ৬২৮ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে এসব আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৬২৮ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর গলফ নিউজ।
গত ২৬ সেপ্টেম্বর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৭-২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে চালানো অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৫৯৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫০৪ জন রয়েছেন। এছাড়া অভিযানে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরো ১ হাজার ১৯৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার এবং ৩৬ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অন্যদিকে অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় আরো ২৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেয়া বা কাজে নিয়োগের অভিযোগে আরো ২২ জনকে আটক করা হয়েছে।
বর্তমানে সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে ৩১ হাজার ৩৯৮ জন প্রবাসী বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ১৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৮০ নারী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ১৮ হাজার ৫৪৯ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য। পাশাপাশি আরো ৩ হাজার ৮১৫ জনকে সৌদি আরব ছাড়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে পাঠানো হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬২৮ জনকে এরই মধ্যে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে।
সংবাদ পড়ুন, মতামত জানান।