• ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভৈরবে সিঙ্গাপুর প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ ০৩:০৪:১৫
ভৈরবে সিঙ্গাপুর প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভৈরব প্রতিনিধি //


কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির গোয়ালঘরের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় হাত-পা বাঁধা এক সিঙ্গাপুরপ্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

ভৈরবে নিহত প্রবাসী রুকন উদ্দিন কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকার সরকারবাড়ির সাত্তার মিয়ার ছেলে। গত ২১ আগস্ট ছুটিতে দেশে আসেন তিনি।

নিহতের বাবা সাত্তার মিয়া বলেন, রুকন সিঙ্গাপুরে একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত। সম্প্রতি সে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। দেশ থেকে ফিরে সুপারভাইজার হিসেবেই কোম্পানিতে যোগ দেওয়ার কথা ছিল। তিনি আরও বলেন, ঘুরতে যাওয়ার জন্য কেনাকাটা করার কথা বলে ছেলে আমার কাছে ১০ হাজার টাকা চেয়েছিল। আমি টাকাটা দিয়েছিলাম। সে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে যাবে বলে সোমবার ভৈরব শহরে বন্ধুদের সঙ্গে কেনাকাটাও করে।

রুকন উদ্দিনের মা অনুফা বেগম বলেন, মঙ্গলবার ভোরে বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা ছিল ওর। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিল। রাত ১টার দিকেও ওকে ফোনে কারও সঙ্গে কথা বলতে শুনেছি। নিহতের বোন উম্মে হাবীবা বলেন, রাতে ভাইকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে, এমনকি ওর মোবাইল ফোন থেকে সিমকার্ড খুলে নিয়ে গেছে। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আমাদের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যার পর হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রেখেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ পড়ুন, মতামত জানান।