• ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

admin
প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ ০৪:০৮:১৮
দেশে ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

দিডেইলিমর্নিংসান অনলাইন //


ফাইল ছবি। সারা দেশে ডেঙ্গুতে একদিনে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ প্রাণহানি ঘটে। একই সময় মশাবাহিত রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৭২ জনে।

গতকাল বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্টে মারা গেছে ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ২৮ দিনে ১৪২ জন, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লেখিত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, ৭৮৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩০১ জন, খুলনায় ২৬৪, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৯৭, ময়মনসিংহে ১২০ ও রংপুরে ৫৬ জন ভর্তি হয়েছে। একই সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৫১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭২ হাজার ৮ জন।

এর আগে সোমবার সারা দেশে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়। ওই দিন নতুন করে আক্রান্ত হয় ২ হাজার ৩৬ জন, যা চলতি বছর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এর আগের দিন রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয় ২ হাজার ১৫৮ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ।

সংবাদ পড়ুন, মতামত জানান।