
সিলেট প্রতিনিধি //
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে কথাকাটাকাটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন রাসেল আহমদ (২৩) নামে এক যুবক। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
শুক্রবার জুমার নামাজের পর সিলামের চকের বাজার এলাকার হজরত শাহ তৈয়ব ছৈলানি (রহ.) মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল স্থানীয় শেখপাড়া গ্রামের শাহরুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ তৈয়ব ছৈলানি (রহ.) ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটি নিয়ে সিলামের শেখপাড়া গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
ঘন্টাব্যাপী সংঘর্ষে দুইপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। সংঘর্ষে আহত রাসেলকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানিয়েছেন, ওয়াকফের কমিটি নিয়ে নয়, কথাকাটাকাটি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোনো পক্ষ এখনও অভিযোগ দেয়নি।
সংবাদ পড়ুন, মতামত জানান।