
দিডেইলিমর্নিংসান অনলাইন //
২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদি সাহিত্যের গবেষক অ্যান কারসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে।
নোবেল কমিটি জানিয়েছে, ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপে সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন রূপ সৃষ্টি করা তার সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য তাকে এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।
১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্ম নেয়া অ্যান কারসন সমকালীন ইংরেজি সাহিত্যের অন্যতম ব্যতিক্রমী লেখক হিসেবে পরিচিত। কবিতা, প্রবন্ধ, উপন্যাস, অনুবাদ ও ধ্রুপদি গ্রিক সাহিত্যকে একসঙ্গে মিশিয়ে প্রচলিত সাহিত্যিক ঘরানার সীমা ভাঙার জন্য দীর্ঘদিন ধরেই তিনি আলোচিত। তিনি ইউনিভার্সিটি অব টরন্টো থেকে ক্লাসিকস বা ধ্রুপদি সাহিত্য বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন। পরে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
এর আগে কারসন ম্যাকআর্থার ফেলোশিপ, গুগেনহাইম ফেলোশিপ, গ্রিফিন পোয়েট্রি প্রাইজ এবং টি এস এলিয়ট প্রাইজসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
সংবাদ পড়ুন, মতামত জানান।