• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সালমান খানের প্রশংসা করলেন অভিনেত্রী রিচা চাড্ডা

admin
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ ০১:৩৬:২২
সালমান খানের প্রশংসা করলেন অভিনেত্রী রিচা চাড্ডা

বিনোদন ডেস্ক //


অনলাইনে ট্রলিং ও বডি শেমিং নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সালমান খান। বিগ বস ২০ এর উইকেন্ড কা ভারের একটি প্রোমোতে কাউকে সরাসরি উল্লেখ না করে তিনি মানুষের ওজন, চেহারা, পরিবার, হাসি এমনকি মাতৃত্ব নিয়েও কটাক্ষ করার সমালোচনা করেন। সালমানের এই বক্তব্যের প্রশংসা করেছেন ভারতীয় অভিনেত্রী রিচা চাড্ডা।

সালমান বলেন, কেন ট্রল করতে চান? কারও ওজন নিয়ে, চেহারা নিয়ে, পরিবার নিয়ে, কারও হাসি নিয়ে, কারও ব্যর্থতা নিয়ে, কেউ মা হওয়া নিয়ে—আপনারা আসলে নিজেদের পারিবারিক শিক্ষাই প্রকাশ করছেন।

সালমানের এই মন্তব্যের বিষয়ে সংবাদমাধ্যম নিউজ ১৮ কে রিচা বলেন, আমি জানতাম না যে তিনি এ বিষয়ে কথা বলেছেন। তবে এটা দারুণ ব্যাপার। এমন কথা বলা সত্যিই উদার মানসিকতার পরিচয়।

সন্তান জন্মের পর নারীর শরীরে যে স্বাভাবিক পরিবর্তন আসে তা নিয়েও কথা বলেন রিচা। তার মতে, মায়েদের শারীরিক পরিবর্তন নিয়ে উপহাস করা উচিত নয়। রিচা আরও বলেন, যারা মাতৃত্ব নিয়ে ট্রল করেন তারা এই মায়ের মাধ্যমেই পৃথিবীতে এসেছেন। তাই মায়েদের নিয়ে ঠাট্টা-তামাশা শুরু করলে তার ফল খুব খারাপ হতে পারে।

নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন রিচা

এর আগেও বডি শেমিংয়ের বিরুদ্ধে কথা বলেছেন হীরামান্ডির এই অভিনেত্রী। বলিউডে কাজের সময় নিজের ইটিং ডিসঅর্ডারের অভিজ্ঞতার কথাও প্রকাশ্যে জানিয়েছেন তিনি। সন্তান জন্মের পর অভিনেত্রীদের ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা নানা মন্তব্যেরও সমালোচনা করেছেন রিচা। এবার সালমানের মন্তব্যের সময়ও অনলাইনে তারকাদের চেহারা ও শারীরিক গঠন নিয়ে সমালোচনা ঘিরে আলোচনা চলছিল।

প্রসব-পরবর্তী অভিজ্ঞতা নিয়ে রিচার নতুন সিরিজ

এদিকে নিজের প্রসব-পরবর্তী সময়ের অভিজ্ঞতা নিয়ে মুসাফিরি নামে একটি নন-ফিকশন ইউটিউব সিরিজ তৈরি করেছেন রিচা। সিরিজটির নির্মাতা, লেখক, প্রযোজক ও উপস্থাপকও তিনি নিজেই।

রিচা বলেন, এখানে নিজের সৌন্দর্য বা চেহারা নিয়ে ভাবার সুযোগ নেই। শেষবার মানুষ আমাকে যেমন দেখেছিল, তার তুলনায় এখন আমি বেশি ওজনের কি না—এসব নিয়ে ভাবতে পারি না। আমি তো আমার প্রসব-পরবর্তী যাত্রা নিয়ে একটি অনুষ্ঠান তৈরি করছি।

সিরিজটির কাজ সম্পন্ন করতে ধারাভিসহ বিভিন্ন জায়গায় শুটিং করেছেন রিচা। সেখানে কাজ করার সময় ইচ্ছাকৃতভাবেই নিজের সাজসজ্জা ও বাহ্যিক উপস্থিতিকে গুরুত্ব দেননি বলে জানান এই অভিনেত্রী।

সূত্র: সামা টিভি
মতামত জানান।