
ঢাকা //
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ সোমবার বিকাল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের ৭০১ নম্বর সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান। এতে গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ ও সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর সফরসঙ্গীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন তিনি।
এছাড়া সফরকালে শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে চারদিনের সফরে তিনি ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এগুলোর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।
সফর শেষে রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
সংবাদ পড়ুন,মতামত জানান।