
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি //
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির পর তার স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ প্রকাশ আবুল কালাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ জানান, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে ট্যুরিস্ট পুলিশের ডুলাহাজারা সাফারি পার্কে কর্মরত এক পুলিশ সদস্যের চকরিয়া পৌরসভার ভাড়া বাসায় পারভেজ ও তার সহযোগীরা হানা দেন। ডাকাতির পর তারা ওই পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ করে।
ঘটনার পর চকরিয়াসহ কক্সবাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পারভেজকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এদিকে রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। ভুক্তভোগী পরিবারের আশা, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্ত তৈরি হবে।
নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন, মতামত জানান।