• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কঠোর অবস্থানে: পানিসম্পদমন্ত্রী

admin
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ ০০:২৯:৪৪
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কঠোর অবস্থানে: পানিসম্পদমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি //


চট্টগ্রামসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিতে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ, সাঈদ আল নোমান ও জসিম উদ্দিন, চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকের সভাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এতে কোথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, কোথায় রাহাজানি, কোথায় ডাকাতি, কোথায় চুরি-ছিনতাই, কোথায় অবৈধ অস্ত্র মজুদ, কোথায় মাদকের বিস্তারসহ যাবতীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। মাঠ পর্যায়ের তথ্যও নিয়েছি। এ ব্যাপারে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে বেশকিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে বসবাস ও চলাফেরা করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিটি ও অর্থনৈতিক অঞ্চলগুলোর একটি। এখানে কোথায় পাহাড় কাটা হচ্ছে, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এসব বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা খুব শক্তভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করছি। সাধারণ মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেদিকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিচ্ছি। যেখানে যেটা দরকার, তাৎক্ষণিকভাবে সেটাকে অ্যাড্রেস করা, সমন্বয় করা ও সমাধান করার দিকে আমাদের বিশেষ নজর থাকবে।’

চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানান পানিসম্পদমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন পার্লামেন্টেও অনেক বিষয়ে নতুন আইন হয়েছে, আইন সংশোধন হয়েছে। ১৭ বছরের ট্রেন্ড ইচ্ছা করলে ১৭ দিনে অথবা ১৭ মাসেই পুরোপুরিভাবে শেষ করে দেওয়া যাবে- এ কথা আমি বলব না। তবে আমাদের মহৎ উদ্যোগ রয়েছে। আমরা খুব দায়িত্বশীলতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব পরিস্থিতি মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিশেষ করে চট্টগ্রাম জেলা ও সিটির আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে অনেক উদ্যোগ গ্রহণ করেছি।’

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে। পাশাপাশি তাদের ব্যাপারে আইনগত যে ব্যবস্থাটুকু নেওয়া দরকার, সে ব্যাপারে সজাগ রয়েছেন সবাই। এজন্য আইনশৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করবেন।’

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন, মতামত জানান।