• ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভালুকায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

admin
প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ ১৯:৫৪:৪৬
ভালুকায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি //


ময়মনসিংহের ভালুকায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) ও একই গ্রামের মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মাঝে তদন্ত কমিটির রিপোর্ট দিবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ধনু আকন্দ ধানখেতে গরুর ঘাস কাটতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে যান। তাকে উদ্ধারের জন্য চাচাতো ভাই সাহাব উদ্দিন আকন্দ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পর্শে আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ বলেন, সকাল ৯টার দিকে তিনি বিদ্যুতের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানিয়ে ছিলেন। তবে তার অভিযোগ, এরপরও তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধের বিষয়ে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভালুকা থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পর্শে দুজন মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নাছির উদ্দিন বলেন, এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি ও কারিগরি বিভাগ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মাঝে রিপোর্ট দেবে। যদি আমাদের অফিসের কারো গাফিলতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি খুবই দুঃখজনক।

সংবাদের সাথে যুক্ত থাকুন, মতামত জানান।