
পাবনা প্রতিনিধি //
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজারো বছরের পুরোনো। পতিত আওয়ামী লীগ সরকার নানা নোংরামি দিয়ে সেই সাংস্কৃতিক ঐতিহ্য ম্লান করেছে। বর্তমান সরকার ৫১টি দেশের সঙ্গে কূটনৈতিক সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি করেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব তিথি ও পদ্মায় পূর্ণস্নান মহোৎসব সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী সরকার। বিএনপি বৈষম্যের মাঝে সাম্যতা প্রতিষ্ঠা করতে চায়। এ কারণে গত সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের সব মানুষ ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছেন।
ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সব ধর্মের ধর্মীয় গ্রন্থে যে সব বাণী রয়েছে তা মানবকল্যাণের জন্য। ঠাকুর অনুকূল চন্দ্র যেসব উপদেশ দিয়েছেন, সেসবও মানবকল্যাণের। উনি জাত-পাতের ভেদাভেদে বিশ্বাস করতেন না। সারা জীবন মানবতার বন্দনা করেছেন। এ কারণে গোটা উপমহাদেশ ছাড়িয়ে পৃথিবীর সব জায়গায় ঠাকুরের বন্দনায় রয়েছে ভক্তরা।
সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে এবং ড. নরেশ মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) বিজন কান্তি সরকার, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ।
মতামত জানান।