• ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজ্ঞান বিতর্ক পর্বে চ্যাম্পিয়ন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

admin
প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ ১৯:১৫:১০
বিজ্ঞান বিতর্ক পর্বে চ্যাম্পিয়ন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

সিলেট প্রতিনিধি //


বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ইসরাত জাহান মজুমদার। তিনি পেয়েছেন ২১৪ দশমিক ৫ নম্বর।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর জিন্দাবাজার এলাকার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আর্ট গ্যালারিতে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। এতে সিলেটের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেয়।

উৎসবের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, সমকালের এমন আয়োজন প্রশংসনীয়। সিলেটের প্রতিটি স্কুলে যাতে বিতার্কিক তৈরি হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমকাল ব্যুরো প্রধান মুকিত রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদা গোলসান সিদ্দিকা ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল বাছিত মোল্লা।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, স্কলার্সহোম মেজরটিলা, নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ, স্টুডেন্ট হোম স্কুল অ্যান্ড কলেজ, পিডিবি হাইস্কুল ও কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি তামিম রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলুর পরিচালনায় এ অনুষ্ঠান হয়।

বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাবি ডিবেটিং ক্লাবের সাফওয়াত আদিবা হিয়া এবং গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশের সাবেক সভাপতি আশফাকুর রহমান আদি।

সমাপনী অনুষ্ঠানে শিক্ষক ইশতিয়াক মুনশি, মাহবুব হোসেন, সমকালের স্টাফ ফটোসাংবাদিক ইউসুফ আলী, রাজনীতিবিদ তালুকদার মকবুল হোসেন, সুহৃদ রাজীব ঘোষ, তোফা আলম, মো. আশরাফ, মুনিরা রহমানী মাহা, আব্দুল্লাহ সিন্দিদ ও মো. জুনায়েদসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ পড়ুন, মতামত জানান।